Subscribe Us

header ads

নাহিদ ও মুরসালিনের হত্যাকারীদের বিচারের দাবি ছাত্র ইউনিয়নের | দর্পণ

 

নাহিদ ও মুরসালিনের হত্যাকারীদের বিচারের দাবি ছাত্র ইউনিয়নের


নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন ও দোকান কর্মচারী মুরসালিনকে কুপিয়ে হত্যাকারীদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পাশাপাশি এধরণের সংঘর্ষ এড়াতে নিউমার্কেটে পণ্যের অতিরিক্তি মূল্য আদায় ও চাঁদাবাজি বন্ধ করারও দাবি জানাচ্ছে ছাত্র ইউনিয়ন। 

এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, শনাক্ত হওয়া প্রত্যেক হত্যাকারীই ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের অস্ত্রের ঝনঝনানি এবং তাদের ছত্র-ছায়ায় বেড়ে ওঠা নানা অপরাধ ও বিচারহীনতার সংস্কৃতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তাহীন করছে। প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে কুপিয়ে হত্যা করার মত জঘন্ন কাজ করার পরেও তারা যদি প্রাপ্য শাস্তিটুকু না পায়, তাহলে তা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা আর বেশি বেপরোয়া হয়ে উঠবে। নিম্নমধ্যবিত্ত পরিবারের কর্মক্ষম এই দুজন মানুষকে পরিবার দুটি ভয়াবহ বিপাকে পড়েছে। তাঁদেরকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা রাষ্ট্রের অবশ্যপালনীয় কর্তব্য বলেই আমরা মনে করি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমানুষের সমর্থনহীন বর্তমান সরকার ছাত্রলীগ সহ তার অন্যান্য অঙ্গসংগঠনকে সন্ত্রাস ও ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। গত ১০ বছরে বিশ্বজিৎ, জুবায়ের, আবু বকর, দিয়াজ, নাসরুল্লাহ, শিশু রাব্বী, তাপস সরকার, আবরার ফাহাদ হত্যাকান্ডসহ অন্তত ২৪টি হত্যাকন্ডের সাথে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরা। নির্যাতনের শিকার হয়েছেন সারাদেশের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, চোখ হারিয়েছেন এহসান, মৃত্যুর কোল থেকে ফিরে এসেছেন খাদিজা। এই ভয়াবহ সন্ত্রাসের রাজত্বে মানুষের জীবনের মূল্য যেন শুন্য! 

নেতৃবৃন্দ আরো বলেন, নিউ মার্কেটের বেশিরভাগ ক্রেতারই অভিযোগ যে বিক্রেতারা ক্রেতাদের সাথে বাজে আচরণ করেন এবং সকল পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করেন। সরকারের উচিৎ নিউ মার্কেট এলাকার দোকানপাটে সঠিক দামে পণ্য বিক্রি নিশ্চিত করা। তাছাড়া ওই এলাকায় সীমাহীন চাঁদাবাজির গল্প কারো অজানা নয়। চাঁদাবাজি বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা জারি থাকলে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি অসম্ভব নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ